
কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম হালিশহরের মেধাবী শিক্ষার্থী মোঃ ইস্তিনাব মাহির (২৩) দাফন সম্পন্ন হয়েছে।
২৫শে জুন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম হালিশহর বি-বল্ক পুরনো কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি উচ্চশিক্ষার জন্য কানাডায় অবস্থান করছিলেন।
এর আগে বুধবার রাতে ইস্তিনাব মাহির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম হালিশহরে নেওয়া হয়।
মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একনজর দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী।
পরে আসরের নামাজের পর হালিশহর এ- ব্লক কেন্দ্রীয় জুমা মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হালিশহর বি-বল্ক পুরনো কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবারের সদস্যরা আকষ্মিক এমন মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে। পরিবারের আদরের প্রথম সন্তানকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে গেছেন বাবা-মা। এমন মৃত্যু যেন কোন ভাবেই মেনে নিতে পারছেন না তারা।
স্বজনরা জানান, নিহত মাহি চট্টগ্রামের মোঃ মোহিব উল্লাহ মাসুদ ও পারভিন আক্তার দম্পতির দুই পুত্র সন্তানের মধ্যে বড় সন্তান। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী ২০১৯ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল (১৮২ ব্যাচ) থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২১ সালে চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। পরে তিনি কানাডার বিখ্যাত ‘মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড’-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিক্ষক, সহপাঠী ও বন্ধুরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
উল্লেখ্য,স্থানীয় পুলিশ প্রশাসন রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি (আরএনসি) সূত্রে জানা গেছে,গত শুক্রবার ১২ই জুন স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে মিনিটে এ দুর্ঘটনা ঘটে। সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ এবং নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে চারজন আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি সড়কের পাশে থাকা বেলভেডিয়ার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে গিয়ে পড়ে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে মাহিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন আরোহী আহত হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।










