আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এতিমদের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব: ডা. শাহাদাত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। এই মাস আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি সমাজের অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় কর্তব্য। এতিমদের হক আদায় করা আমাদের ঈমানি দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

মেয়র তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবন দর্শনের নাম। তিনি বলেন, আমাদের রোজার সঠিক নিয়ম কানুন ও বিধান মেনে চলে তাকওয়া অর্জন করতে হবে। সেই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই হলো রমজানের প্রকৃত সার্থকতা।

ডা. শাহাদাত বলেন, এতিম শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সঠিক যত্ন ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাদের প্রত্যেকের উচিত তাদের অধিকার আদায়ে সজাগ থাকা।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। পবিত্র এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আল আমিনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এগারো মাস অপেক্ষা এ মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। রমজান মাস মানুষের সৎপথের সুস্পষ্ট নিদর্শন। এমাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি।

বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, পবিত্র রমজান মাস ইবাদতের বিশেষ মওসুম। কারণ এই মাসে মানুষের গুণাহগুলোকে দূর করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। এ মাসের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত বহুগুণে বর্ষিত হয়।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন এতিমখানার শিশুদের হাতে ইফতার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদিঘী শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্য সচিব দিদারুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সরওয়ার, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বোরহানুল হক, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আবির প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print