আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

একজনের সহযোগিতা আরেকজনের ইফতারের আনন্দ হয়ে উঠতে পারে: ডা. শাহাদাত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস কেবল নিজের জন্য নয়, বরং পাশের অভাবী মানুষটির কথা ভাবার মাস। আজ মরহুম আবু বক্কর ফাউন্ডেশন যে মহতী উদ্যোগ নিয়েছে, তা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। কিছু মুনাফালোভী ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে অসহায় ও নিম্নবিত্ত মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া অত্যন্ত সময়োপযোগী কাজ। কারণ, একজনের সহযোগিতা আরেকজনের ইফতারের আনন্দ হয়ে উঠতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর কাজীর দেউরী কাচা বাজার সংলগ্ন সড়কে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কয়েকশ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা. শাহাদাত আরও যুক্ত করেন, আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে পরিষ্কার বলতে চাই, নগরীর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাও আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি একটি মানবিক চট্টগ্রাম গড়তে। আমি নগরীর প্রতিটি সচ্ছল ব্যক্তির প্রতি আহ্বান জানাব, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অসহায় প্রতিবেশীর পাশে দাঁড়ান। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মানুষের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য। কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া একটি বড় ইবাদত। আমরা চাই প্রতিটি পাড়া মহল্লায় এমন মানবিক কার্যক্রম ছড়িয়ে পড়ুক।

আবুল হাশেম বক্কর বলেন, রমজান আমাদের ধৈর্য এবং সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত এই পবিত্র মাসে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মরহুম আবু বক্কর ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা মো. ইদ্রিছ সবুজের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর মহিলাদলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, মো. শাহ আলম, নকিব উদ্দিন ভূইয়া, চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসাইন। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজন, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সভাপতি মো. কামাল খান, সাধারন সম্পাদক মোহাম্মদ মিয়া, বিএনপি নেতা খোরশেদ আলম, রফিক মেম্বার, মো. ইসহাক, মো. জাফর, নাছির উদ্দীন, মো. ইলিয়াস, আবুল হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print