আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবি মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী উৎসব ১১ জানুয়ারি

Share on facebook
Share on whatsapp
Share on twitter

পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ১১ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউট। এতে ইনস্টিটিউটের প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউটের পরিচালক ও সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, ড. মো. শফিকুল ইসলাম, ড. এসএম শরীফুজ্জামান, ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, প্রভাষক নাবিলা নুসরাত, মিঠু রঞ্জন সরকার ও নায়না ইসলাম।

ড. শেখ আফতাব উদ্দিন বলেন, ১৯৭১ সালে কেনেডিয়ান সরকারের কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় “মেরিন বায়োলজি বিভাগ” হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৩ সালে ‘ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস” নামে রুপান্তরিত হয়।

বর্তমানে প্রতি বছর প্রায় অর্ধশত শিক্ষার্থী এ ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে। অধিকন্তু, এমফিল ও পিএইচ-ডি ডিগ্রী প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের চৌকস গ্র্যাজুয়েটরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক উন্নয়ন কর্মে নিজেদের নিয়োজিত রেখে ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ের সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করছে। সমুদ্রবিজ্ঞান শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের পথিকৃত হিসেবে ৫০ বছরের গৌরবময় পথচলার পর আমাদের ইনস্টিটিউট শতবর্ষের স্বপ্নপথে এগিয়ে চলেছে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এ সময় তিনি সুবর্ণজয়ন্তীতে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানান। আগামী শনিবার অনুষ্ঠিতব্য এ আয়োজন দিনব্যাপী আলোচনাসভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পর্বে সাজানো হয়েছে। এছাড়া ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে থাকছে প্রদর্শনীর ব্যবস্থা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print