আজ মঙ্গলবার ║ ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে সফর, ১৪৪৮ হিজরি

সর্বশেষ:

    নিবন্ধন ও নবায়নকৃতরাই পাবে ই-রিকশার লাইসেন্স: চসিক মেয়র

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র নিবন্ধন ও নিয়মিত নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার মালিকরাই পাবেন।
    সোমবার (৩ আগস্ট) নগর ভবনের সন্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় মেয়র এ ঘোষণা দেন।
    তিনি বলেন, যারা এখনো তাদের প্যাডেলচালিত রিকশার নিবন্ধন বা বার্ষিক নবায়ন সম্পন্ন করেননি, তারা দ্রুত তা সম্পন্ন করুন। শুধুমাত্র নিবন্ধনভুক্ত ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশা লাইসেন্স জমা দেওয়ার ভিত্তিতেই পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স প্রদান করা হবে। নিবন্ধনবিহীন বা অনিবন্ধিত রিকশা এ সুবিধার আওতায় আসবে না।
    মেয়র বলেন, নগরীতে বর্তমানে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও এর মধ্যে মাত্র প্রায় ২৫ হাজার রিকশার লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার রিকশার মালিক এখনো নবায়ন করেননি। এই মালিকদের দ্রুত নবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একদিকে তারা ভবিষ্যতে পরিবেশবান্ধব ই-রিকশা পাওয়ার সুযোগ পাবেন, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্বও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। আমাদের লক্ষ্য শুধু নতুন ই-রিকশা চালু করা নয়, বরং পুরো রিকশা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা। নিবন্ধিত রিকশাগুলোর তথ্যভান্ডার হালনাগাদ হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

    ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা ধীরে ধীরে প্যাডেলচালিত রিকশা বন্ধ করে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর সিদ্ধান্ত নিয়েছি। এতে রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমবে, যাত্রীসেবার মান বাড়বে এবং নগরীর পরিবেশও সুরক্ষিত থাকবে। এই পরিকল্পনার আওতায় দুটি প্যাডেলচালিত রিকশার পরিবর্তে একটি পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। এর ফলে নগরীতে রিকশার সংখ্যা নিয়ন্ত্রিত হবে, যানজট কমবে এবং আধুনিক ও নান্দনিক পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। পরিবেশবান্ধব ই-রিকশা চালুর মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহারও ধীরে ধীরে বন্ধ করা সম্ভব হবে। এতে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরবে এবং নিরাপদ ও টেকসই নগর পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা সহজ হবে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একদিকে নগরবাসী উন্নত সেবা পাবেন, অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে, যা নাগরিক সেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর রিকশা চালক মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান কোম্পানি, সহ সভাপতি খোরশেদ আলম কোম্পানি, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সোহাগ, মহিলা সম্পাদক সালমা আকতার শিউলি সহ চালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print