
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে ১ বান করে ঢেউটিন বিতরণ করা হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং পুনর্বাসন সহায়তা অব্যাহত রাখতে ফাউন্ডেশন ভবিষ্যতে আরও উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং মরহুম আলেমে দ্বীন মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর জ্যেষ্ঠপুত্র মৌলানা মাহমুদ উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদ আমিন ফয়সল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা খাইরুদ্দীন (রহ.)-এর কনিষ্ঠপুত্র মুফতি মাওলানা নছিমুর রহমান, মাওলানা আব্দুল মাজেদ (পরিচালক, সরল আনছারুল উলুম মাদ্রাসা), মাওলানা আব্দুল মালেক (নির্বাহী পরিচালক, সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা), মাওলানা আহমদ ছৈয়দ, মাওলানা হাফেজ আহমেদ, মাওলানা রফিক উল ইসলাম, মাওলানা রাশেদুল আলম নোমান, মাস্টার জামাল উদ্দিন, ডাক্তার ইউসুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.)-এর উত্তরসূরি ও ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ফরিদুল আলম, মৌলানা শওকত আমিন বেলাল, মৌলানা সোহাইল মাহমুদ, ফরহাদ আমিন ফয়সল, তোয়াহা আমিন, শোয়াইব মাহমুদ, আহমদুর রহমান, মোবারক উল্লাহসহ অনেকে।
ভার্সুয়ালী অংশগ্রহন করেন, মৌলনা হাবিবুল করিম হেলাল, মৌলানা সাইফুল্লাহ, হাফেজ ওবাইদুল্লাহ।
বক্তারা বলেন, মরহুম মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ছিলেন দেশের একজন বিশিষ্ট আলেমে দ্বীন। ইসলামী শিক্ষা, দ্বীনি দাওয়াত এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও মানবসেবার ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে তাঁর সন্তান ও নাতিদের উদ্যোগে প্রতিষ্ঠিত মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলানা মাহমুদ উল্লাহ সকলের কাছে দোয়া কামনা করেন এবং বলেন, আল্লাহ তাআলা যেন এই ফাউন্ডেশনকে সমাজ ও মানবকল্যাণে দীর্ঘদিন কাজ করার তাওফিক দান করেন। তিনি সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের প্রতি ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মাওলানা আব্দুল মাজেদ হাফিজুল্লাহ-এর পরিচালনায় বন্যাদুর্গত পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
খবরটি পড়েছেন : ২০ ৮










