পবিত্র ঈদুল ফিতরে এবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে থাকছে মহসীন চৌধুরী পরিচালিত ঈদের বিশেষ নাটক "ভালোবাসার সৌরভ"। ঈদের দিন রাত ১০ টা ২০ মিনিটে নাটকটি বিটিভির চট্টগ্রাম কেন্দ্র প্রচার করবে জানিয়েছেন নাটকের পরিচালক মহসীন চৌধুরী ।
কাহিনী সংক্ষেপ:
সন্ধ্যার নির্জন রাস্তায় আতঙ্কিত এক তরুণী জ্যোতি। দুই যুবককে দেখে প্রাণপণে দৌড় দেয় সে। সৌরভের গাড়ির সামনে এসে পড়ায় প্রায় দুর্ঘটনা ঘটে। সৌরভ তাকে বাড়ি পৌঁছে দেয়।
পরবর্তীতে জানা যায়, জ্যোতি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত - তার ধারণা কেউ তাকে খুন করবে। চিকিৎসক জাফর ও জ্যোতির মা সৌরভের সাহায্য চান। জ্যোতি সৌরভকে 'সেভিয়ার' হিসেবে দেখে, তাই তার মাধ্যমে জ্যোতির অতীতের অজানা কথা জানার চেষ্টা হবে।
এদিকে সৌরভের বান্ধবী লোপা এই সম্পর্ক নিয়ে সন্দিহান। পুরোনো বন্ধু আদিত্যের সাথে লোপার দেখা হয়, যে তাকে সান্ত্বনা দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
সৌরভ জ্যোতির বন্ধু হয়ে ওঠে। তাকে নিয়মিত বাইরে বের করে, ওষুধ খাওয়ায়। জ্যোতির আস্থা অর্জন করে সে। লোপা সৌরভের এই নতুন সম্পর্ক মেনে নিতে পারে না। সৌরভ জ্যোতির অতীত জানার চেষ্টা চালিয়ে যায়, জ্যোতি সেদিন রাতে কেন ভয় পেয়েছিল তার কারণ খুঁজতে থাকে। এই প্রচেষ্টা তাকে জ্যোতির কাছাকাছি নিয়ে আসে, অন্যদিকে লোপার সাথে তার দূরত্ব বাড়তে থাকে।
এভাবে গল্প এগোতে থাকে, নাটকটি বিটিভির জন্য নির্মাণ করেছেন মহসিন চৌধুরী। এই নাটকে অভিনয় করেছেন, সাব্বির আহমেদ, হাফিজুর রহমান সরুজ, মিলি মুন্সী, মহসিন চৌধুরী, এইচ এম আমিন, রেজাউল কবির চৌধুরী, সীমান্ত বড়ুয়া, তানিশা ইসলাম, সাজু বড়ুয়া এবং ওয়ারিশা গুনগুন। নাটকটি
রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও প্রযোজনা করেছেন ইয়াদ আহমেদ।